দার্জিলিংয়ে পুজো স্পেশাল টয়ট্রেন চালু হলো শুক্রবার – প্রথমদিন যাত্রী মাত্র ২ জন

Spread the love

Webdesk:

পুজোর ছুটির মরশুমে পর্যটকদের মধ্যে টয় ট্রেনের চাহিদা তুঙ্গে থাকে। অনেক পর্যটকরাই টিকিট না পেয়ে ফিরে যান। যে কারণে এবার পর্যটকদের কথা মাথায় রেখেই চলতি সপ্তাহ থেকে তিন স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেন পরিষেবা চালু করে ডিএইচআর। একটি শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত টি এন্ড টিম্বার স্পেশাল জয়রাইড, একটি দার্জিলিং কার্শিয়াং হিল স্পেশাল ও আরেকটি কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল। শুক্রবার দুপুরে মাত্র দু’জন পর্যটক নিয়ে ছুটল স্পেশাল জয়রাইড টয়ট্রেন। তাতেই মাথায় হাত পড়েছে রেলের। কারণ এভাবে ট্রেন চালালে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে রেলকে।

শুক্রবার দুপুরে ১২ টা নাগাদ শিলিগুড়ি জংশন থেকে রংটংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ‘টি এন্ড টিম্বার স্পেশাল জয়রাইড’। কিন্তু সেই জয়রাইডে পর্যটক ছিল মাত্র দু’জন। তাঁরা কলকাতার দম্পতি। আর এতেই আরও বেশি প্রশ্ন উঠতে শুরু করেছে। শিলিগুড়ি- রংটংয়ের মধ্যে প্রতি শুক্র, শনি ও রবিবার চলবে ওই জয়রাইডটি। বেলা ১২ টায় শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দেড়টায় রংটংয়ে পৌঁছবে টয়ট্রেনটি। রংটংয়ে চার ঘণ্টা ঘোরার সুযোগ পাবেন পর্যটকরা। হাতের কাছেই রয়েছে চা বাগান। সেখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি চা কারখানা পরিদর্শন, চা-পাতা তোলার অভিজ্ঞতা এবং স্থানীয় লোকো সংস্কৃতির খাবারে মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে পর্যটকদের জন্য।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *