Webdesk:
যথারীতি সমস্ত নিয়মের তোয়াক্কা না করে মহালয়ার আগেই পুজো উদ্বোধন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য এ বছর একটি নতুন কথা শোনালেন। তিনি বললেন যে তিনি পুজোর উদ্বোধন করেন নি, করেছেন প্যান্ডেলের উদ্বোধন। শনিবার বিকেলে উত্তর কলকাতার দুটি পুজোমণ্ডপ ঘুরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে পরিচিত শ্রীভূমি কলকাতার বিখ্যাত ও আকর্ষণীয় পুজোগুলির মধ্যে একটি। প্রতি বছর তার উদ্বোধন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো শুরুর আগে থেকেই মণ্ডপ দেখতে উপচে পড়ে ভিড়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবছর মহালয়ার আগের দিনই শ্রীভূমির মণ্ডপের দ্বারোদ্ঘাটন করতে গেলেন মুখ্যমন্ত্রী।
সেই অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা ভাষার অসম্মান, পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতন নিয়ে সরব হলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বৈচিত্রের মধ্যে একতাই হলো মূল কথা। না হলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। সকলেই নিজের মাতৃভাষাকে সম্মান করেন। কিন্তু বাইরের রাজ্যে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। এটা মানা যায় না। বাংলা থেকে ২২ লাখ পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে কাজে যান। তাঁদের ডেকে নিয়ে যাওয়া হয়। কেননা তাঁদের সেই দক্ষতা, মেধা রয়েছে। এই রাজ্যেও বাইরে থেকে দেড় কোটি মানুষ কাজ করছেন।”
![]()
















Leave a Reply