জলে কয়েক কোটি টাকার ক্ষতি কলেজস্ট্রিট বইপাড়ার 

Spread the love

Webdesk:

 

মঙ্গলবার ভয়বহ অবস্থা হয়েছে কলেজস্ট্রিট বইপাড়ার। মাথায় হাত বই ব্যবসায়ীদের। রেকর্ড বৃষ্টিতে জল জমে বিরাট ক্ষতির মুখে কলেজ স্ট্রিটের বইপাড়া। কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন প্রশাসকরা। বই, ফর্মা, ম্যাগাজিন, সাদা পাতা জলে ভিজে গিয়েছে। বড় প্রকাশনা সংস্থা থেকে ফুটপাথের দোকানদার, কেউ বাদ নেই। তাই মুখভার কলেজ পাড়ার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছোট দোকানদাররা। এছাড়াও, কয়েকটি প্রকাশনা সংস্থা মেশিন রুমে জল ঢুকে ক্ষতি হয়েছে ছাপার মেশিনের। পত্রভারতীর প্রধান তথা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর প্রকাশনা সংস্থাতেই ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। সব মিলিয়ে কলেজ পাড়ায় ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

 

পত্রভারতী তাদের ফেসবুক পেজে বুধবার লিখেছে, ‘এমন ভয়াবহ অবিশ্রান্ত বর্ষণ বিধ্বংসী আমফানের সময়েও এই নগরী প্রত্যক্ষ করেনি। সবচেয়ে বড় কথা, এই ক্লাউডবার্স্টের বিন্দুমাত্র সম্ভাবনা আবহাওয়া অফিসেরও বোধহয় জানা ছিল না। তাই ‘ নিশীথরাতের বাদলধারা’ যখন অগ্ন্যুৎপাতের মতো হঠাৎ শহরের উপর ঝাঁপিয়ে পড়ল রাত ২ টো নাগাদ, তখন সকলে নিদ্রামগ্ন। অতএব যা হওয়ার, তাই হয়েছে। পুজোর মাত্র তিন চারদিন আগে এই চরম বিপর্যয়ে সমস্ত রকমের ব্যবসায়ী ও উদ্যোগীদের অবস্থাই শোচনীয়। আমাদের কলেজ স্ট্রিট বইপাড়ার কী অবস্থা? বইয়ের সঙ্গে যুক্ত সকলে, ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ বই প্রকাশক, বিক্রেতা, ছাপাখানা, বাঁধাই এবং পুজো সংখ্যার বর্ণময় ডালি সাজিয়ে বসে থাকা বিক্রেতারা বিপর্যস্ত। পুজোর আনন্দ উপভোগ করার মতো অবস্থায় তাঁরা আর নেই। তবে এটাও আশার কথা, কেউই কিন্তু ভেঙে পড়েননি। সবাই আকস্মিক এই চরম ধাক্কা সামলে গুছিয়ে ওঠার চেষ্টা করছেন। চেষ্টা করছেন আগামীর দিকে এগিয়ে চলার। আমরাও এই নীতিতে মনেপ্রাণে বিশ্বাস করি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *